মহামারী করোনায় এখনো আতঙ্ক বিরাজ করছে সারা বিশ্বে। তাই বলে তো ধর্মীয় উৎসব থেমে থাকবেনা। শারদ আবহ চারিদিকে। সনাতন ধর্মাবলম্বীদের বছরব্যাপী অপেক্ষার পালা শেষ। মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে সার্বজনীন শারদীয় দুর্গোৎসব। ধূপ-ধুনুচি, পঞ্চপ্রদীপ, উলুধ্বনি আর ঢাকের তালে সায়ংকালে আসনে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা। মণ্ডপ আর মন্দিরগুলো মুখরিত হয়ে উঠবে ভক্তদের আরাধনায়।

পঞ্জিকা অনুযায়ী দেবীর ষষ্ঠাদি কলারাম্ভ সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে। সকালে দুর্গাদেবীর ষষ্ঠীর ঘট বসবে ও পূজা অনুষ্ঠিত হবে। সন্ধ্যাবেলায় দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস হবে। আজ ধুনট সদর  মন্দিরে দেবীর বোধন অনুষ্ঠিত হয়েছে। সূচি অনুযায়ী পুরোহিত ষষ্ঠী পূজা সম্পন্ন করবেন। আজ আসনে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা। এ নির্ঘণ্ট মেনে দেশের পূজা মণ্ডপগুলোতে চলছে দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি। হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে বাণী দিয়েছেন এবং দেশের হিন্দু ধর্মাবলম্বী সব নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ধুনট শেরপুরের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হাবিবর রহমান এমপি। একইভাবে হিন্দু ধর্মাবলম্বীসহ সব নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন তিনি। করোনাভাইরাস মহামারীতে তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে শারদীয় দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানিয়েছেন তিনি আরো বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য।

তবে করোনা মহামরীতে এবারের দূর্গা পূজা একটু ভিন্ন আবরণে উদযাপিত হবে। সন্ধ্যা আরতির পর বন্ধ থাকবে মণ্ডপ। করোনা মহামারীর কারণে সার্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে সন্ধ্যা আরতির পর পূজামণ্ডপ বন্ধ রাখা এবং মণ্ডপ থেকে সরাসরি স্ব স্ব ঘাটে প্রতিমা বিসর্জন দেয়ার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

স্বাস্থ্যবিধি মেনে এবার শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা পালনের আহ্বান জানিয়েছেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্ত। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। করোনার কারণে এবার পূজার অনুষ্ঠানমালা শুধু ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে পূজা-অর্চনার মাধ্যমে মন্দির বা মণ্ডপ প্রাঙ্গণে সীমাবদ্ধ রাখার আহ্বান জানান তিনি। পূজামণ্ডপে যাওয়া সবার জন্য করোনা স্বাস্থ্যবিধি অনুসরণে একটি গাইডলাইন প্রণয়ন করেছে সরকার। নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। মণ্ডপ ও ভক্ত পূজারীদের নিরাপত্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও নির্দেশনা দেয়া হয়েছে। আমরা আশা করব স্বাস্থ্যবিধি মেনে সবাই পূজা-অর্চনা করবে।

এস এম ফজলে রাব্বী শুভ
Email- fajlerabbi17@gmail.com
মোবাইল -০১৭০১ ০৪৮২৮৪

Post a Comment

ধন্যবাদ,
আপনার মন্তব্যের জন্য।

أحدث أقدم